১৬ ডিসেম্বর এলেই স্কুল-কলেজের মঞ্চে, পাড়ার অনুষ্ঠানে, রেডিও-টেলিভিশনে একটি জিনিস ফিরে আসে — কবিতা। মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা বইয়ে পড়ি, কিন্তু সেই দিনগুলোর ভয়, ক্ষোভ আর আশাকে সবচেয়ে কাছ থেকে ছুঁয়ে যায় কবিতাই।
এই লেখায় আমরা মুক্তিযুদ্ধের সবচেয়ে পরিচিত কয়েকটি কবিতার কথা বলব — কে লিখেছেন, কোন পরিস্থিতিতে লিখেছেন, আর আজও কেন সেগুলো আমাদের রক্তে দোলা দেয়। সেই সাথে থাকছে বিজয় দিবসের অনুষ্ঠানে আবৃত্তির জন্য কিছু ব্যবহারিক পরামর্শ।
প্রতিটি কবিতার পূর্ণ পাঠ আমরা এখানে দিইনি, তবে কয়েকটি কবিতার নিচে খ্যাতিমান আবৃত্তিশিল্পীদের নিজস্ব চ্যানেলের আবৃত্তি যুক্ত করেছি। কবিদের অনেকের লেখা এখনো কপিরাইটের আওতায় বলে পূর্ণ পাঠ দেওয়া হয়নি। কবিতাগুলো পড়তে কবিদের প্রকাশিত কাব্যগ্রন্থ সংগ্রহ করাই সবচেয়ে ভালো — লেখার শেষে কয়েকটি বইয়ের কথা বলা আছে।
মুক্তিযুদ্ধের সবচেয়ে পরিচিত কবিতা
১. স্বাধীনতা তুমি — শামসুর রাহমান
একাত্তরের এপ্রিলের গোড়ার দিকে, নরসিংদীর পাড়াতলী গ্রামে এক দুপুরে কবি এই কবিতাটি লেখেন। পরে এটি ১৯৭২ সালে প্রকাশিত ‘বন্দী শিবির থেকে’ কাব্যগ্রন্থে স্থান পায়।
কবিতাটির বিশেষত্ব হলো, এখানে স্বাধীনতা কোনো রাজনৈতিক শ্লোগান নয়। কবি স্বাধীনতাকে খুঁজেছেন বাঙালির প্রতিদিনের জীবনে — রবীন্দ্রনাথ, নজরুল আর গ্রামবাংলার চেনা ছবিতে। একটানা উপমার পর উপমা বসিয়ে কবি বোঝান, স্বাধীনতা মানে আমাদের নিজেদের মতো করে বাঁচার অধিকার। অবরুদ্ধ দেশে বসে এমন কবিতা লেখা ছিল জীবনের ঝুঁকি, তাই কবিতাটির শান্ত সুরের নিচে এক গভীর সাহস লুকিয়ে আছে।
🎙 আবৃত্তি: শিমুল মুস্তাফা (শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে)
২. তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা — শামসুর রাহমান
‘স্বাধীনতা তুমি’র সাথে একই দিনে লেখা এই কবিতাটি যেন তার উলটো পিঠ। আগেরটি যদি হয় স্বাধীনতার স্বপ্ন, এটি তবে স্বাধীনতার দাম। কবি একে একে দেখান যুদ্ধে সব হারানো সাধারণ মানুষের মুখ — সাকিনা বিবি, হরিদাসী, নিভৃত গ্রামের বুড়ো, অনাথ শিশু।
এই নামগুলোই কবিতাটির শক্তি। কবি বড় বড় সংখ্যার কথা বলেননি, বলেছেন একজন একজন মানুষের কথা — যাদের বাদ দিলে স্বাধীনতার হিসাব অসম্পূর্ণ থেকে যায়।
🎙 আবৃত্তি: সামিয়া রহমান লিসা (শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে)
৩. স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো — নির্মলেন্দু গুণ
এই কবিতার কেন্দ্রে ১৯৭১ সালের ৭ মার্চ — ঢাকার রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাষণ। কবি সেই ভাষণকে দেখিয়েছেন একটি কবিতা পাঠের আসর হিসেবে, আর বক্তাকে একজন কবি হিসেবে। লক্ষ মানুষ ভোর থেকে অপেক্ষা করছে কবিতাটি শোনার জন্য।
কবিতাটি শুরু হয় আজকের শিশুপার্ক আর ফুলের বাগানে ঢাকা মাঠ দিয়ে, তারপর পিছিয়ে যায় সেই বিকেলে। এই কৌশলেই কবি বোঝান, ইতিহাস মুছে যেতে পারে, তাই তাকে মনে রাখার দায় আমাদের।
🎙 আবৃত্তি: শিমুল মুস্তাফা (শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে)
৪. আমার পরিচয় — সৈয়দ শামসুল হক
‘আমি জন্মেছি বাংলায়’ — এই পংক্তি প্রায় সব বাঙালির চেনা। কবিতাটি মুক্তিযুদ্ধকে দেখে হাজার বছরের বাঙালি ইতিহাসের ধারাবাহিকতায় — চর্যাপদ, পাল আমল, স্থাপত্য, বাউল আর স্বাধীনতার সংগ্রাম এক সূতোয় গাঁথা।
স্কুলের বিজয় দিবসের অনুষ্ঠানে এটি সবচেয়ে বেশি আবৃত্তি হওয়া কবিতাগুলোর একটি, কারণ এটি যুদ্ধের বীভৎসতার চেয়ে পরিচয়ের গর্বকে বড় করে দেখায়।
🎙 আবৃত্তি: সামিয়া রহমান লিসা (শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে)
৫. এখানে দরজা ছিলো — শামসুর রাহমান
কম আলোচিত কিন্তু গভীর একটি কবিতা। এটি লেখা হয় ১৯৭১ সালের ৯ জুলাই, অবরুদ্ধ ঢাকায় বসে, কবির ডায়েরিতে। অন্য কবিতাগুলো যেখানে স্বাধীনতার দিকে তাকিয়ে, এখানে কবি দেখান যুদ্ধ একটা শহরের ঘর-দুয়ার আর স্মৃতিকে কীভাবে মুছে দেয়। যারা যুদ্ধের সময়ের ভয় আর শূন্যতা বুঝতে চান, তাঁদের জন্য এটি একটি জরুরি পাঠ।
৬. জনতার সংগ্রাম চলবেই — সিকান্দার আবু জাফর
কবিতা হিসেবে লেখা হলেও এটি সবচেয়ে বেশি পরিচিত গান হিসেবে। যুদ্ধের মাসগুলোতে মুক্তিযোদ্ধাদের উদ্দীপনা দেওয়া গানগুলোর একটি এটি। এর ছন্দ মিছিলের পায়ের শব্দের মতো — দলগত আবৃত্তি বা সমবেত কণ্ঠের জন্য খুব উপযোগী।
যুদ্ধের আগে লেখা, তবু বিজয়ের মঞ্চে অপরিহার্য
কিছু কবিতা ও গান ১৯৭১-এর অনেক আগে লেখা, কিন্তু মুক্তিযুদ্ধের সময় আর পরে সেগুলো নতুন অর্থ পেয়েছে।
- আমার সোনার বাংলা — রবীন্দ্রনাথ ঠাকুর: ১৯০৫ সালের বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের সময় লেখা গান, যা আজ বাংলাদেশের জাতীয় সংগীত।
- দুর্মর — সুকান্ত ভট্টাচার্য: সুকান্ত মারা যান ১৯৪৭ সালে, তবু এ কবিতার বাংলাদেশকে নিয়ে লেখা চরণগুলো বিজয় দিবসে বারবার উচ্চারিত হয়। আমাদের সাইটে কবিতাটি ও তার ব্যাখ্যা পড়ুন: দুর্মর — সুকান্ত ভট্টাচার্য।
- রূপসী বাংলার কবিতা — জীবনানন্দ দাশ: বাংলার নদী, মাঠ আর পাখির প্রতি যে মমতা, মুক্তিযুদ্ধের সময় তা হয়ে উঠেছিল হারানো দেশের ছবি। জীবনানন্দের আরও লেখা পড়ুন: জীবনানন্দ দাশের উক্তি।
বিজয় দিবসের অনুষ্ঠানে আবৃত্তির কৌশল
মঞ্চে দাঁড়িয়ে একটি কবিতা পড়া আর সেটি শ্রোতার মনে পৌঁছে দেওয়া এক কথা নয়। কয়েকটি সহজ নিয়ম মেনে চললে নতুন আবৃত্তিকারও ভালো করতে পারেন।
- সময় মেপে কবিতা বাছুন। স্কুলের অনুষ্ঠানে সাধারণত ২–৩ মিনিট সময় থাকে। দীর্ঘ কবিতা হলে একটি অংশ বেছে নিন, তবে অংশটি যেন নিজেই সম্পূর্ণ মনে হয়।
- আগে অর্থ বুঝুন। কবিতাটি কবে, কোন পরিস্থিতিতে লেখা — ওপরের পটভূমিগুলো জানা থাকলে কণ্ঠে স্বাভাবিকভাবেই সঠিক আবেগ আসবে।
- চিৎকার নয়, জোর দিন শব্দে। যুদ্ধের কবিতা মানেই উঁচু গলা নয়। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’র মতো কবিতায় শান্ত, ভারী কণ্ঠ অনেক বেশি কাজ করে।
- বিরতিকে কাজে লাগান। গুরুত্বপূর্ণ পঙ্ক্তির আগে এক মুহূর্ত থামুন। শ্রোতা তখন পরের কথাটির জন্য অপেক্ষা করে।
- মুখস্থ করুন, কাগজ হাতে নয়। কাগজ থেকে পড়লে চোখ শ্রোতার দিকে যায় না। তিন–চার দিন আগে থেকে প্রতিদিন জোরে পড়ে অনুশীলন করুন।
- কবি ও কবিতার নাম বলুন। শুরুতে কবিতার নাম আর কবির নাম স্পষ্ট করে বলুন — এটি কবির প্রতি সম্মানও।
মুক্তিযুদ্ধ নিয়ে পড়ার মতো কয়েকটি বই
কবিতার বাইরে মুক্তিযুদ্ধকে আরও গভীরভাবে জানতে চাইলে এই বইগুলো দিয়ে শুরু করতে পারেন।
| বই | লেখক | কেন পড়বেন | |
|---|---|---|---|
| নির্বাচিত ১০০ কবিতা | শামসুর রাহমান | ‘স্বাধীনতা তুমি’র কবির সেরা কবিতাগুলো এক মলাটে | দারাজে দেখুন |
| একাত্তরের দিনগুলি | জাহানারা ইমাম | এক মায়ের ডায়েরিতে অবরুদ্ধ ঢাকার দিনলিপি | দারাজে দেখুন |
| জোছনা ও জননীর গল্প | হুমায়ূন আহমেদ | সাধারণ মানুষের চোখে যুদ্ধের নয় মাসের উপন্যাস | দারাজে দেখুন |
| হাঙর নদী গ্রেনেড | সেলিনা হোসেন | এক গ্রামীণ মায়ের অকল্পনীয় ত্যাগের গল্প | দারাজে দেখুন |
| আমার বন্ধু রাশেদ | মুহম্মদ জাফর ইকবাল | কিশোরদের জন্য মুক্তিযুদ্ধের সবচেয়ে প্রিয় উপন্যাস | দারাজে দেখুন |
এই লিংকগুলো অ্যাফিলিয়েট লিংক। এখান থেকে কিনলে আপনার খরচ একটুও বাড়বে না, কিন্তু সাইটটি চালাতে আমরা সামান্য কমিশন পাই।
সাধারণ জিজ্ঞাসা
মুক্তিযুদ্ধের সবচেয়ে বিখ্যাত কবিতা কোনটি?
শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’ ও ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ সবচেয়ে বেশি আলোচিত ও আবৃত্তি হওয়া দুটি কবিতা।
‘বন্দী শিবির থেকে’ কার লেখা?
শামসুর রাহমানের। ১৯৭২ সালে প্রকাশিত এই কাব্যগ্রন্থের কবিতাগুলো যুদ্ধের সময় অবরুদ্ধ দেশে বসে লেখা।
৭ মার্চের ভাষণ নিয়ে লেখা বিখ্যাত কবিতা কোনটি?
নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’।
স্কুলের অনুষ্ঠানে ছোটদের জন্য কোন কবিতা ভালো?
সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’ — ভাষা সহজ, আর পুরো বাঙালি ইতিহাসের গর্ব এতে আছে।
তথ্যসূত্র: বিডিনিউজ২৪, প্রথম আলো, জাগোনিউজ২৪।



