কে আমি?
আদিম প্রশ্নটির সম্ভাব্য একটি উত্তর খুঁজে পেয়ে
আমার উপলব্ধি প্রকাশ করলাম
আমারই স্বজাতির সকাশে
তারা আহত হয়েছে
প্রথমে তারা আমাকে স্বস্নেহে বকে দিয়েছে
তারপর তারা আমার মস্তিস্ক ধুয়ে ফেলতে চেয়েছে
আমার চিন্তার লাগাম টেনে ধরার পরামর্শ দিয়েছে
তাদের মতো করে ভাবতে বলেছে
তারপর করেছে তীব্র তিরস্কার
অবশেষে তারা আমার জিভ কেটে নিয়ে গেছে
আমাকে ঝুলিয়ে দিয়েছে অসংখ্য অশ্বত্থ বৃক্ষের ডালে ডালে।
আবার ফিরে এসেছি আমি
এবার, ‘এর উত্তর আমরা জানি’ –
আত্মপ্রবচ্ঞক স্বজাতি বলল দৃঢ়ভাবে এবং
আবারো নির্দয়ভাবে আমাকে হত্যা করল।
অতঃপর টলটলে স্বচ্ছ জলের ধারার মতো
জীবন্ত নদীর সীমাহীন স্রোতের মতো
জীবন প্রবাহের মতো
আমি আসতেই থাকি, আসতেই থাকি
আর তারা আমাকে নিঃশেষ করবে বলে
নিষ্ঠুরভাবে প্রতিরোধ করতেই থাকে।
অবশেষে তারা ক্লান্ত হয়
নির্মল, নির্মোহ সত্যকে অবলোকন ক’রে
শান্ত হয়, সভ্য হয়।




