মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব নিয়ে মানুষের কৌতূহল নতুন কিছু নয়। এবার এই জল্পনার মধ্যে এক চমকপ্রদ ইঙ্গিত মিলেছে নাসার কিউরিওসিটি রোভার থেকে। সম্প্রতি রোভারটি মঙ্গলের ‘গেইল ক্রেটার’ নামের এক বিশাল গহ্বরে খনন করে ‘সিডেরাইট’ নামের এক ধরণের কার্বন-ভিত্তিক খনিজ আবিষ্কার করেছে। এই খনিজের উপস্থিতি ইঙ্গিত দেয় যে, মঙ্গল গ্রহের অতীত একসময় ছিল অনেক বেশি উষ্ণ এবং সিক্ত।
মঙ্গলের সিডেরাইট: প্রাণের সম্ভাবনার এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত
সিডেরাইট হলো এক ধরনের কার্বনেট খনিজ, যার রাসায়নিক গঠন মূলত আয়রন কার্বোনেট (FeCO₃)। এটি তখনই গঠিত হয় যখন কার্বন ডাই-অক্সাইড এবং পানির উপস্থিতিতে আয়রন বিক্রিয়ায় অংশ নেয়। এর অর্থ, যেখানে সিডেরাইট পাওয়া যায়, সেখানে কোনো এক সময় পানি এবং কার্বন ডাই-অক্সাইডের মিথস্ক্রিয়া হয়েছিল—যা প্রাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশ তৈরি করে।
সম্প্রতি নাসার কিউরিওসিটি রোভার মঙ্গলের গেইল ক্রেটার নামক এলাকায় এই সিডেরাইট খনিজের অস্তিত্ব শনাক্ত করে। বিজ্ঞানীদের মতে, এই আবিষ্কার প্রমাণ করে যে মঙ্গল গ্রহে কোনো এক সময় একটি ঘন এবং কার্বন ডাই-অক্সাইড সমৃদ্ধ বায়ুমণ্ডল ছিল। এটি গ্রীনহাউস প্রভাব সৃষ্টি করে গ্রহটিকে উষ্ণ রাখত এবং তরল পানি ধারণে সক্ষম করত।
এই খনিজের উপস্থিতি শুধুই এক টুকরো শিলা নয়, বরং এটি মঙ্গলের অতীত জলবায়ু, পরিবেশ এবং সম্ভবত প্রাণের উপস্থিতি সম্পর্কে জোরালো ইঙ্গিত দেয়। এর মাধ্যমে আমরা জানতে পারি, হয়তো সেই সময় মঙ্গল ছিল নদী, হ্রদ ও সমুদ্রসমৃদ্ধ এক গ্রহ—যেখানে প্রাণ বিকাশের সম্ভাবনা অস্বীকার করা যায় না। প্রবল হয়ে ওঠে মঙ্গলে প্রাণের সম্ভাবনা!
বিশেষজ্ঞ বেঞ্জামিন টুটলোর মতে, দীর্ঘদিন ধরেই গবেষকেরা প্রশ্ন করে আসছিলেন—যদি মঙ্গল একসময় বাসযোগ্য ছিল, তবে সেসব চিহ্ন আজ এত অল্প কেন পাওয়া যায়? এবারকার আবিষ্কার সেই প্রশ্নের উত্তরে নতুন পথ দেখিয়েছে। ধারণা করা হচ্ছে, মঙ্গলের অনেক পাথরের গভীরে লুকিয়ে রয়েছে আরও অনেক কার্বনেট খনিজ। এসবই হয়তো এক সময়কার আবহাওয়ার সাক্ষ্য বহন করছে।
তবে গবেষণায় উঠে এসেছে আরও একটি জটিল বিষয়—মঙ্গলের কার্বন চক্রে ভারসাম্যের অভাব ছিল। যতটা কার্বন পাথরে আটকে ছিল, ততটা আর বায়ুমণ্ডলে ফিরে আসেনি। এর ফলে গ্রহটির তাপমাত্রা একসময় কমে গিয়ে এটি হয়ে ওঠে শীতল ও শুষ্ক এক ভূমি, যেখানে প্রাণ টিকে থাকা কঠিন।
এই গবেষণা আমাদের বুঝিয়ে দেয়, মঙ্গলে প্রাণের সম্ভাবনা একদা বাস্তব ছিল এবং ভবিষ্যতের গবেষণায় এটি আরও পরিষ্কার হবে।



