( লেখাটি পড়তে প্রায় < 1 মিনিট সময় লাগতে পারে )

আমি কোন আগন্তুক নই

কাব্যগ্রন্থ: ‘দু’হাতে দুই আদিম পাথর’ (১৯৮০)

আসমানের তারা সাক্ষী
           সাক্ষী এই জমিনের ফুল, এই
নিশিরাইত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী
সাক্ষী এই জারুল জামরুল, সাক্ষী
পুবের পুকুর, তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থিরদৃষ্টি
মাছরাঙা আমাকে চেনে
            আমি কোন অভ্যাগত নই
খোদার কসম আমি কোন ভিনদেশী পথিক নই
আমি কোন আগন্তুক নই।
আমি কোন আগন্তুক নই, আমি
ছিলাম এখানে, আমি স্বাপ্নিক নিয়মে
এখানেই থাকি আর
          এখানে থাকার নাম সর্বত্রই থাকা-
                        সারা দেশে। 

আমি কোন আগন্তুক নই। এই
খররৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের
পাখিরা আমাকে চেনে
           তারা জানে আমি কোন অনাত্মীয় নই।
কার্তিকের ধানের মঞ্জরী সাক্ষী
           সাক্ষী তার চিরোল পাতার
টলমল শিশির, সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা         
              নিশিন্দার ছায়া
অকাল বার্ধক্যে নত কদম আলী
                তার ক্লান্ত চোখের আঁধার

আমি চিনি, আমি তার চির চেনা স্বজন একজন। আমি
জমিলার মা’র
শূন্য খা খা রান্নাঘর শুকনো থালা সব চিনি
               সে আমাকে চেনে।
হাত রাখো বৈঠায় লাঙলে, দেখো
আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। দেখো
মাটিতে আমার গন্ধ, আমার শরীরে
             লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস।
আমাকে বিশ্বাস করো, আমি কোন আগন্তুক নই।

দু’পাশে ধানের ক্ষেত
          সরু পথ
              সামনে ধু ধু নদীর কিনার
আমার অস্তিত্বে গাঁথা। আমি এই উধাও নদীর
               মুগ্ধ এক অবোধ বালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো ভালো লাগতে পারে

সার্চ - আহসান হাবীব

সার্চ

– আহসান হাবীব কাব্যগ্রন্থ: ‘দু’হাতে দুই আদিম পাথর’ (১৯৮০) ‘হল্ট’

Read More »
আমার আমার আহসান হাবীব

আমার আমার

– আহসান হাবীব কাব্যগ্রন্থ: ’সারা দুপুর’ ১৯৬৪ সালে প্রকাশিত হয়েছিল

Read More »